করোনা ঠেকাতে ডিজিটাল ওয়ালেট জনপ্রিয় করার দাবি

৫ মে, ২০২০ ১৯:৫৮  
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ডিজিটাল ওয়ালেট ব্যবহারে গুরুত্বারোপ করে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। লকডাউন শিথিল হওয়ার পর লেন-দেন বাড়ার পাশপাশি কাগুজে টাকা থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কা করে টাকা গণনার সময়ে থুতু, লালা ব্যবহারে শাস্তির দাবি করেছে সংগঠনটি। একইসঙ্গে গ্রাহক পর্যায়ে মোবাইল ওয়ালেট হিসাবে অতিরিক্ত চার্জ প্রত্যাহার এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহারে সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ। এ বিষয়ে আগামী ১০ মে’র পূর্বে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ইতিমধ্যে আইসিসি ক্রিকেট বলে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করেছে এবং ফিফাও ফুটবল মাঠে থুতু ফেললে হলুদ কার্ড প্রদর্শনের নিয়ম জারী করতে যাচ্ছেন। উন্নত বিশ্বে মোবাইল ওয়ালেট ব্যবহারের ফলে নগদ অর্থের লেনদেন কমে এসেছে। আমাদের দেশে মোবাইল ব্যাংকিং এ লেনদেন হলেও মোবাইল ওয়ালেট হিসাবে অতিরিক্ত চার্জের কারণে মোবাইল ওয়ালেট হিসেবে ব্যবহার করা যায়নি। কারণ এক্ষেত্রে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন করতেও উচ্চ সার্ভিস চার্জ দিতে হয়। সরকার পেপল উদ্বোধনের পর এর প্রচার না থাকায় এটি অন্ধকারেই রয়ে গেছে। করোনা মহামারীকালীন সময়ে যেকোন সময়েই চার্জবিহীন লেনদেনের জন্য মোবাইল ওয়ালেট ব্যবহারের গুরুত্ব অপরিসীম। । সেই সাথে টাকা গুনতে থুতু বা লালার ব্যবহার করলে তার জন্য শাস্তির বিধান করতেও সরকারের প্রতি অনুরোধ করছি।